
বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার পুলিশ সদর দফতরে আইজিপি মো: আলী হোসেন ফকিরের সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অংয়ের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের প্রস্তাব দেন ফিলিপ অং।
এছাড়া ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান, সঙ্কট ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়েও আলোচনা হয়।
আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সাথে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








