কে এম তাহসিফ সাউরি, আহমেদ শাহরিয়ার রেজা দীপ, তাহসিফের মৃত্যু, দীপের জিজ্ঞাসাবাদ, পিবিআইয়ের তদন্ত, তুরাগ নদে ঝাঁপ দেয়ার দাবি
ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। সংগৃহীত

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, ‘কিছু লোকের ধাওয়ার মুখে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। এ সময় তিনি পালিয়ে আসেন।’

Advertisement

শুক্রবার পিবিআই সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো: আবু ইউসুফ জানান, দীপের দেয়া বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দীপকে হেফাজতে নেয়ার পর রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো উত্তর।

পিবিআই জানিয়েছে, জিজ্ঞাসাবাদে দীপ মুখ খুলতে শুরু করেছেন। ছোট ভাই পরিচয় দেয়া এই দীপের ডাকেই নিখোঁজ হওয়ার আগে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ।

এদিকে তদন্তসংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ‘আমরা সেখানে (ঘটনাস্থলে) কথা বলছিলাম। এ সময় কিছু লোক আমাদের ধাওয়া করে। তখন তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং আমি পালিয়ে আসি।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানান, ‘দীপকে হেফাজতে নেয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেগুলো প্রকাশ করা হচ্ছে না।

এদিকে, তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানার অধীন মাজার বস্তি এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দুইটি স্থানই তুরাগ নদের সাথে সংযুক্ত।

পিবিআই সদর দফতরের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। এটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে।

পিবিআইয়ের অন্য এক পুলিশ সুপার জানান, দীপের দেয়া তথ্যের ভিত্তিতেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নম্বরপ্লেট না থাকায় এর মালিকানা যাচাই চলছে। তবে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাহসিফও বাসা থেকে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন।

তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় দীপের ফোন পেয়েই বাসা থেকে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মোবাইলে একটি বার্তা পাঠিয়ে তিনি জানান, ‘বাড়ি ফিরছেন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি।’