
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে কারিগরি ত্রুটির কারণে চার ঘণ্টা ৪৪ মিনিট বিলম্বের পর টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাপানে তার চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ হলো।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রকৌশলীরা কারিগরি ত্রুটি সারানোর পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৪৪ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় উড়োজাহাজটি।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় উড়োজাহাজটির টোকিও ছাড়ার কথা ছিল। তবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এটি উড্ডয়নের জন্য রানওয়ের দিকে এগিয়ে যায়। এরপর উড্ডয়নের আগে উড়োজাহাজটি থেমে যায়।
প্রায় ১৫ মিনিট পর ক্যাপ্টেন মো: ইমামুল ইসলাম ঘোষণা দেন, কারিগরি সমস্যার কারণে ফ্লাইটটি উড্ডয়ন করতে পারছে না।
প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা: জুবাইদা রহমান ও সফরসঙ্গী দলের অন্য সদস্যরা উড়োজাহাজটিতে ছিলেন।
পরে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেয়া হয়। দুই প্রকৌশলী ত্রুটি সারানোর কাজ করার সময় সব যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেয়া হয়।
স্থানীয় সময় রাত ৮টার দিকে ক্যাপ্টেন আবার ঘোষণা দেন, সমস্যাটি মেরামত করতে আরো আড়াই ঘণ্টা লাগবে। পরে রাত ৯টা ৫০ মিনিটে তিনি জানান, কারিগরি ত্রুটি সারানো হয়েছে এবং শিগগিরই আবার বোর্ডিং শুরু হবে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন।
স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে টোকিও বিমানবন্দরে তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটে বিলম্ব হয়েছে। সমস্যাটি পুরোপুরি সমাধান করা হয়েছে।
এ সময় উড়োজাহাজটি উড্ডয়নের জন্য নিরাপদ বলেও জানান মন্ত্রী।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর জাপানে পৌঁছান তারেক রহমান। ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








