
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে।’
বৃহস্পতিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের আইন-শৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, ‘পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। এই উপ-নির্বাচনকে ছোট করে দেখছি না। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে।’
১১-দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘১১-দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।’
সিইসি বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। আমরা সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’
তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দিয়ে এই উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।’
উল্লেখ্য, আজ সকাল ৮টা থেকে এ উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








