
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার বন্ধ ছিল না, বরং রক্ষণাবেক্ষণ ও কিছু কারিগরি উন্নয়নের কাজের কারণে আজ প্রায় দেড় ঘণ্টা সার্ভার ‘ধীরগতির’ ছিল বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।
বুধবার তিনি বলেন, আমাদের সিস্টেম বন্ধ ছিল না। রক্ষণাবেক্ষণের কাজের কারণে ঘণ্টা দেড়েক সেবা পেতে কিছুটা ধীরগতি ছিল। দুপুর ১২টার আগে থেকে ১টা পর্যন্ত এই সমস্যা ছিল। আমাদের কিছু বিষয় আপগ্রেড করার প্রয়োজন হয়েছিল। এ ধরনের কাজ মাঝেমধ্যেই করা হয়।
সার্ভারে প্রবেশ করতে না পারায় অনেকের কাছে সেটি বন্ধ বলে মনে হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ যদি সার্ভারে অ্যাক্সেস করতে না পারেন, তাহলে তার মনে হতে পারে সার্ভার ডাউন। কিন্তু বাস্তবে সেটি বন্ধ ছিল না।’
সম্প্রতি পিএইচপির নিরাপত্তাগত ত্রুটি নিয়ে তৈরি হওয়া শঙ্কার সাথে এই সমস্যার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, পিএইচপির ওই শঙ্কা থেকে আমরা মুক্ত। কারণ আমাদের কোনো তথ্যই পাবলিক নেটওয়ার্কে নেই। আমাদের সব যোগাযোগ হয় ইন্টার্নাল নেটওয়ার্কের মাধ্যমে। ফলে ইন্টারনেট ব্যবহার করে বাইরের কেউ চাইলেই আমাদের সিস্টেমে প্রবেশ করতে বা তথ্য পরিবর্তন করতে পারবেন না।
এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন এনআইডি অনুবিভাগের এই কর্মকর্তা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








