
জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে লঞ্চের অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৭ অক্টোবর ২০২৬ জনৈক ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি ফারহান-০৯’ লঞ্চ যোগে ঢাকার উদ্দেশে রওনা করেন। লঞ্চটি রাত ৩টায় মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় লঞ্চে অবস্থানরত অন্য এক যাত্রী কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল করে সহায়তা চান।
তিনি আরো বলেন, সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত ওই লঞ্চে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে। পরে রোগীকে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটযোগে সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্স যোগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








