
রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে বসছে এআই ক্যামেরা।
এর ফলে, ব্যস্ততম এই সড়কে আইন অমান্যকারী যানবাহন চালকরা এআই নির্ভর স্বয়ংক্রিয় মামলার আওতায় আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৫৫ কিলোমিটার রাস্তায় মুন্সীগঞ্জে জেলায় রয়েছে ৩৫ কিলোমিটার। এ সড়কে অধিকাংশ দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গতি এবং ওভারটেকিং।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৫ অক্টোবর পর্যন্ত প্রায় ৫৮৯টি সড়ক দুর্ঘটনায় ১৫২ জন নিহত এবং ৯৫০ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বাসসকে জানান, অধিকাংশ দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গতি, ঝুকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করা।
সম্প্রতি, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম
মুন্সীগঞ্জে উন্নয়নকাজ পরিদর্শনে এসে বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আনার প্রকল্প হাতে নেয়া হয়েছে।
বর্তমানে জাতীয় মহাসড়ক এআই ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় এসেছে। পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক হাইওয়ে সড়ক এআই ক্যামেরার নিযন্ত্রণে এনে সার্বক্ষণিক নজরদারির মধ্যে আনা হবে এবং সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অধিকাংশ দুঘটনার কারণ বেপরোয়া গতি। এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ এলাকা এআই ক্যামেরার নিয়ন্ত্রণে এনে দ্রুতগতি, ওভারটেকিং এবং সড়ক আইন অমান্যকারীদের এআই নির্ভর স্বয়ংক্রিয় মামলার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এআই ক্যামেরার নিয়ন্ত্রণে এলে ওভারস্পিডে গাড়ি চালানো এবং ওভারটেকিং বন্ধ হবে। যানবাহন চালক সচেতন হবে এবং সড়ক আইন মেনে গাড়ি চালাবে। এতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আসবে।
মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনারোধে সড়কের বিভিন্নস্থানে যানবাহনের গতিসীমা, সাইন মার্কিং করা আছে এবং সড়কের বিভিন্নস্থানে সিসি ক্যামেরা রয়েছে।
তবে বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, আকস্মিক ইউটার্ণ, চালকের অসতর্কতা, সড়ক আইন না মানা, ঘন কুয়াশার কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








