
জাতীয় গ্রিডের পুনরুদ্ধারকাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। বর্তমানে বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) জানায়, দুপুর ২টা ৩০ মিনিটে গ্রিড পুনরুদ্ধারের কাজ পুরোপুরি সম্পন্ন হয়। তবে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বাড়ার সাথে সাথে বিক্ষিপ্ত লোডশেডিং কমে আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
এর আগে আজ দুপুর ১২টা ৪৩ মিনিটে জাতীয় গ্রিডে অনাকাঙ্ক্ষিত ত্রুটি দেখা দেয়। ফলে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় এ বিভ্রাট দেখা দেয়।
তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক ছিল।
পিজিসিবি জানায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ তখনো জানা যায়নি। প্রকৌশলীরা ধাপে-ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ করেন। এ সময় জাতীয় গ্রিড সিস্টেম ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে ছিল।
অনাকাঙ্ক্ষিত এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








