আইজিপি, আলী হোসেন ফকির
আইজিপি আলী হোসেন ফকির। সংগৃহীত

ক্রসফায়ার নিয়ে বিতর্কিত মন্তব্য করা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান।

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

আইজিপির ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা গ্রহণযোগ্য কি না এবং এজন্য তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘পুলিশ সদর দফতর পরবর্তী সময়ে একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে আইজিপি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। ক্রসফায়ার করবেন বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করবেন, তার বক্তব্য থেকে এমন ব্যাখ্যা কেউ কেউ করেছেন। পরে তিনি ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করেছেন, কেন এবং কী উদ্দেশ্যে তিনি কথাগুলো বলেছেন। তিনি অবশ্যই এমনটি বোঝাতে চাননি।’

তিনি বলেন, ‘বক্তব্য দেওয়ার পর আইজিপি যদি আর কোনো ব্যাখ্যা না দিতেন, তাহলে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারতো। কিন্তু তিনি ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেই বুঝতে পেরেছেন, তার বক্তব্য ভুলভাবে যোগাযোগ হয়েছে।’

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাপারে জাহেদ উর রহমান বলেন, ‘এ ক্ষেত্রেও বক্তব্যটি সাধারণীকরণ করা হয়েছে বলে মনে হয়েছে। এ বিষয়ে আইজিপির বক্তব্য রয়েছে।’
 
‘এ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা কেটে যাওয়া উচিত। কারণ, আইজিপি এসব বক্তব্যের কোনোটিই নিজের অবস্থান হিসেবে ধরে রাখেননি, বরং সেখান থেকে সরে এসেছেন,’ বলেন তিনি। 

জাহেদ উর রহমান বলেন, ‘উনি যে ভুল করেছেন, সেই ভুলটা যখন তিনি ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দিয়ে সেখান থেকে সরে আসেন, আমার কাছে মনে হয় যে সেটা নিয়ে আর কথা বলা উচিত নয়।’