প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত

বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি।

Advertisement

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ তারা বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, ‘মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন।’

তিনি আরো বলেন, ‘বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে।’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে টোকিও পৌঁছান।

টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জাপানের নাকাসোনে ইয়াসুতাকা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন জাপানের প্রধানমন্ত্রী। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধিদলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর  অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত-প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ও আমজনতার দলের সাধারণ সম্পাদক মো: তারেক রহমান।

দ্বিপক্ষীয় বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বিদেশে এটি তারেক রহমানের রাষ্ট্রীয় তৃতীয় সফর।

জাপান সফরের আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া এবং চীন গিয়েছিলেন। জাতিসঙ্ঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। বাসস