রাষ্ট্রপতি, মির্জা ফখরুল, শিক্ষার্থী, গণভবন
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সাক্ষাৎ করেছেন। ইন্টারনেট

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চালু হওয়া নীতির আওতায় প্রথমবারের মতো বঙ্গভবনে স্কুলশিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেছেন।

Advertisement

সোমবার সকালে বঙ্গভবনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেয়ার জন্য সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি বলেন, ‘তোমরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।’

শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ-সংক্রান্ত নীতিমালা, ২০২৬-এর আওতায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে শিক্ষকদের সাথে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত একদল মেধাবী শিক্ষার্থী বঙ্গভবন পরিদর্শনে যায়।

শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পর দরবার হলে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে। সেখানে রাষ্ট্রপতি তাদের উদ্দেশে বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের সাথে ফটোসেশনেও অংশ নেন তিনি।

তরুণ প্রজন্মকে বঙ্গভবন ও রাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্যের সাথে পরিচিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি মা-বাবা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সন্তানদের মা-বাবার ত্যাগের কথা মনে রাখার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে যেমন মা-বাবার স্বপ্ন পূরণ হবে, তেমনি জাতির প্রত্যাশাও পূরণ হবে।

বঙ্গভবন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এটি শুধু একটি ভবন নয়; এটি রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী।

তিনি আরো বলেন, বঙ্গভবন, রাষ্ট্র ও ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে আগ্রহ গড়ে তুলতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বঙ্গভবনে নিয়ে আসা হবে।

তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন উদ্ভাবন নিয়ে এগিয়ে আসার আহ্বানও জানান মির্জা ফখরুল।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।