সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো: মনিরুল ইসলাম
সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো: মনিরুল ইসলাম। সংগৃহীত

সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো: মনিরুল ইসলাম, তার স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা এবং তাদের স্বজনদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

দুদকের অনুসন্ধানে মনিরুলের স্ত্রীর ভাই রেজাউল আলম শাহীন ও তার স্ত্রী সানজিদা খানম টুম্পার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ মোট ৩৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৫৮৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

দুদকের জানায়, রেজাউল আলম শাহীন ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ এক হাজার ৪৫ কোটি ২৮ কোটি ৩০ হাজার ৭৩৮ টাকা।

অন্যদিকে, সানজিদা খানম টুম্পা ২৭টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ৫৮ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৩৪৩ টাকা।

দুদকের অনুসন্ধানে সানজিদা খানম টুম্পার নামে ১৫ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৭৬৫ টাকার সম্পদ পাওয়া যায়। এর বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া যায় ৬৭ লাখ ১৮ হাজার ৭০৬ টাকা। ফলে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৩০ লাখ ২১ হাজার ৫৯ টাকা।

দুদক জানায়, রেজাউল আলম শাহীন, মো: মনিরুল ইসলাম ও সায়লা ফারজানার নামে প্রথম মামলা এবং সানজিদা খানম টুম্পা, মো: মনিরুল ইসলাম, সায়লা ফারজানা ও রেজাউল আলম শাহীনের নামে দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছে।

দু’টি মামলাতেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। বাসস