দৈনিক আমার দেশ, ককটেল নিক্ষেপ, মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রেসে হামলা, গণমাধ্যমের নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা, হামলাকারীদের গ্রেফতার
বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগৃহীত

দৈনিক আমার দেশ-এর নিজস্ব প্রেসের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় আহত দুইজনের দ্রুত সুস্থতা কামনা করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

তিনি বলেন, ‘গণমাধ্যমের কার্যালয় ও সংবাদপত্রের ছাপাখানার মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সহিংস হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ।’

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা সহিংসতার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে দৈনিক আমার দেশ-এর প্রেসসহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান জামায়াতের এই নেতা।