আমার দেশ, ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) লোগো। সংগৃহীত

আমার দেশ-এর প্রেস লক্ষ করে বোমা নিক্ষেপ এবং রাস্তায় অবিস্ফোরিত বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। 

Advertisement

এতে আমার দেশ-এর ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের কিছুটা সামনে অন্য একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। আমার দেশ কর্তৃপক্ষ এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, সহ-সভাপতি ও যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার এবং এনইসির কোষাধ্যক্ষ ও ওয়াদা সম্পাদক শফিকুল আলম এক যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা সংবাদপত্রের অফিস ও প্রেসে বোমা নিক্ষেপের ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত হানার গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন।

বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ সালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের গাড়ি লক্ষ করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল এবং তেজগাঁও সাত রাস্তার মোড়ে হাতুড়ি দিয়ে তার গাড়িতে হামলা চালানো হয়েছিল।

বিবৃতিতে এনইসি নেতারা বলেন, আমরা আশা করি, সংবাদমাধ্যমের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার পুনরাবৃত্তি ঘটবে না।