
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরু ও পিকআপ উদ্ধারসহ চিহ্নিত এক ডাকাতকে গ্রেফতার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মো: মিজান (৫০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও দস্যুতাসহ মোট ৩৪টি গুরুতর মামলা রয়েছে।
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (মিডিয়া) জানান, আজ ২৫ অক্টোবর রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন করটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কে এই ঘটনা ঘটে। একটি সাদা রঙের মাইক্রোবাসে করে আসা ৫-৬ জনের এক সশস্ত্র ডাকাত দল নীল রঙের গরুবাহী পিকআপটির (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন ২২-০৫৫৯) গতিরোধ করে।
ডাকাত সদস্যরা পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে জোরপূর্বক নামিয়ে দেয় এবং বাকি একজনকে নামানোর জন্য ধস্তাধস্তি শুরু করে। ঠিক সে সময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মিজানকে গ্রেফতার করা হয়। তবে ডাকাত দলের অন্য সদস্যরা মাইক্রোবাসযোগে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ ৯টি গরু এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার ও জব্দ করেছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








