
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সাথে শৃঙ্খলা এবং সেবাকাজের গুণগত মান ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ বলেছেন, ‘বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে।’
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালক মহোদয় উপস্থিত হলে তাকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার। এরপর ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহর পবিত্র কোরআন পাঠের মাধ্যমে দরবারের আনুষ্ঠানিক কাজ শুরু হয়।
বক্তব্যের শুরুতেই মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সাবেক সকল মহাপরিচালক ও কর্মকর্তাদের অবদান স্মরণ করেন এবং বিভিন্ন অপারেশনাল কাজে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘নিজের কর্মজীবন থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণকে ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে তিনি প্রতিশ্রুতবদ্ধ।’
অধিদফতরের অপারেশনাল কাজ ও সার্বিক মানোন্নয়নে নিজ পরিকল্পনার কথা তুলে ধরে মহাপরিচালক বলেন, প্রতিটি সদস্যকে নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’
এ সময় তিনি অপারেশনাল কাজে ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন এবং এ পেশাদারিত্বের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশ দেন।
অনুষ্ঠানের শেষভাগে তিনি সরাসরি ও অনলাইনে যুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের মতামত ও নানা প্রশ্নের জবাব ধৈর্য সহকারে শোনেন। উত্থাপিত যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের বিষয়ে তিনি ইতিবাচক আশ্বাস দেন।
দরবারে অধিদফতরের বিভিন্ন পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের সকল বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।
দুপুর ১২টায় দরবার অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








