
২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার অর্থনৈতিক প্রতিবেদনে ‘ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি একনেক অনুমোদন করেনি’ শিরোনামে বলা হয়, প্রকল্পের প্রাথমিক ব্যয় ১৪৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩১৭ কোটি টাকা প্রস্তাব করায় অতিরিক্ত খরচের যুক্তিতে ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি একনেক অনুমোদন না করে ব্যয় পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছে। তবে একই বৈঠকে যোগাযোগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন খাতের ১,২৫০ কোটি টাকার প্রকল্প সাহায্যসহ মোট ২,৫৩০ কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন লাভ করেছে।
আজ নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবেদনটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—
ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি একনেক অনুমোদন করেনি’
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকল্পের ব্যয় বেশি হয়ে যাওয়ার কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ঢাকা বাইপাস সড়ক নির্মাণ কাজ অনুমোদন করেনি। অর্থ ও পরিকল্পনামন্ত্রীর এবং একনেকের বিকল্প চেয়ারম্যান এম. সাইফুর রহমানের সভাপতিত্বে গতকাল শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
একনেক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বাইপাস সড়ক প্রসঙ্গে বলেন, প্রথমে যখন প্রকল্পটি হাতে নেওয়া হয়, তখন প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৪৭ কোটি টাকা। পরে সংশোধিত প্রকল্পে ব্যয় বাড়িয়ে ৩১৭ কোটি টাকা করা হয়।
আমরা এত বেশি ব্যয়ের সঙ্গে একমত পোষণ করিনি। যোগাযোগ মন্ত্রণালয়কে বলা হয়েছে, প্রকল্প ব্যয়কে পুনর্বিন্যাস করতে। তিনি বলেন, প্রকল্পটির বাস্তবায়ন ২৫০ থেকে ২৬০ কোটি টাকার ভেতর করা সম্ভব। আগামী বৈঠকে প্রকল্পটি উপস্থাপনের জন্য বলা হয়েছে।
এদিকে, গতকালের একনেক বৈঠকে ১ হাজার ২৫০ কোটি টাকার প্রকল্প সাহায্যসহ মোট প্রায় ২ হাজার ৫৩০ কোটি টাকা ব্যয় সম্বলিত ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে- যোগাযোগ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২। এ প্রকল্পে এডিবি ৭৫০ কোটি টাকা দেবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








