কিশোরীর মৃত্যু
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতাল। নয়া দিগন্ত

রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের ৮ম তলা থেকে নিচে পড়ে সামিয়া নুর (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সামিয়ার বাবা নুরুন্নবী জানান, আমার স্ত্রী পারুল আক্তারকে (৪৫) জরায়ু টিউমারের চিকিৎসার জন্য গত ৬ দিন আগে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার স্ত্রীর (২৮ অক্টোবর) অপারেশন হওয়ার কথা। আমার স্ত্রীকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের ৮ম তলার একটি ওয়ার্ডে ভর্তি দেয়া হয়।

তিনি আরো জানান, ওই ওয়ার্ডের ভেতরে আমার স্ত্রীর বেডের পাশে বসে কথা বলছিল সামিয়া। একপর্যায়ে বেড থেকে সামান্য একটু দূরে কোমর সমান দেয়ালে বসতে গিয়ে অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পিজি হাসপাতালে, পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে ওসেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আমাদের ঘরে কোনো সন্তান নেই। সামিয়াকে ৩ বছর বয়স থেকেই আমরা দত্তক নিয়েছিলাম। আমাদের নিজ বাসা গাজীপুর এলাকায়, আমার মেয়ে কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিনি গাজীপুর বোর্ডবাজার সাইনবোর্ড বাদে কলমেশ্বর এলাকায় একটি কনফেকশনারির দোকান করেন।