ঢাকার এভারকেয়ার হাসপাতালে ড. আব্দুল মঈন খানকে দেখতে আসেন রুহুল কবির রিজভী
ঢাকার এভারকেয়ার হাসপাতালে ড. আব্দুল মঈন খানকে দেখতে আসেন রুহুল কবির রিজভী। সংগৃহীত

 

Advertisement

শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রের সমস্যায় হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের অবস্থা এখন স্থিতিশীল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে গিয়ে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

ডা: জাহিদ বলেন, ‘শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্য নিয়ে অসুস্থ হয়ে গতকাল (বুধবার) উনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকালের চেয়ে আজকে তার অবস্থা স্থিতিশীল আছে।’

তিনি আরো জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা: আতিকুর রহমান, ডা: জিয়াউল হক ও ডা: জাফর ইকবালের তত্ত্বাবধানে মঈন খানের চিকিৎসা চলছে।

পরে সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও মঈন খানকে দেখতে হাসপাতালে যান। এ সময় চিকিৎসকরা তাকে মঈন খানের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানান।

এর আগে, বুধবার রাতে বুকে ব্যথা ও কাশি নিয়ে মঈন খান এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার। বাসস