প্রধানমন্ত্রী তারেক রহমান, সুন্দরবন পরিদর্শন, মোংলা বন্দর পরিদর্শন, মোংলা বন্দরের জেটি, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল, দাকোপ নলিয়ান, এলএনজি টার্মিনাল
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত

সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপ হয়ে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টায় বানৌজা মোংলায় পৌঁছান তিনি।

Advertisement

সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করার কথা রয়েছে তার।

এর আগে, সকাল সাড়ে ১০টায় দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। পরে নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌ-পথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, দুপুরে মধ্যাহ্নবিরতির পর ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেয়ার কথা রয়েছে তার।

দিনের কর্মসূচিতে রয়েছে মোংলা বন্দরের জেটি পরিদর্শন। বিকেল ৩টায় জেটি পরিদর্শনের পর সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরের কর্মসূচি শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সুন্দরবন পর্যবেক্ষণ থেকে মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন—প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রকৃতি, বন্দর ও অর্থনৈতিক সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনাল ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন সম্ভাবনার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরে উন্নয়ন কার্যক্রমে গতি আসবে, বাড়বে বিনিয়োগ এবং তৈরি হবে কর্মসংস্থান।