
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিনজন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো: রাকিবের তিনটি লাগেজ চুরির বিষয় এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের নজরে আসে।
পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ দেখে ওমান থেকে আগত ওই ফ্লাইটের যাত্রী জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল শনাক্তকৃত যাত্রী জসিমের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল।
এতে আরো বলা হয়, এয়ারপোর্ট (১৩) এপিবিএন বিমানবন্দর থানা ও কচুয়া থানার সাথে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে অভিযান চালিয়ে চাঁদপুরের কচুয়া থেকে মামলার আসামি জসিমকে গ্রেফতার করে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। আসামি জসিম পুলিশ হেফাজতে রয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








