ইউরেনিয়ামের তৃতীয় চালান রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে 
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান। সংগৃহীত

সড়ক পথে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে প্রথম ইউনিটের ইউরেনিয়ামের তৃতীয় চালান।

Advertisement

আজ বুধবার সকালে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করেছে বলে জানান সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস টুটুল।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৪টা ৫৬ মিনিটে সড়কপথে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী গাড়ির বহর রওনা হয়।

সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তায় ছিল এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো সড়কপথ জুড়েই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ এসআরবি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছিল।

মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের তৃতীয় চালান জ্বালানিবাহী বিমান। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।
সূত্র : বাসস