চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সংগৃহীত

দুর্গোৎসব উপলক্ষে জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভায় যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

চট্টগ্রাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং স্থানীয় সংসদ সদস্যসহ চট্টগ্রাম জেলা ও মহানগরের নেতারা।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নগরীর রহমতগঞ্জের জে এম সেন পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

এ সময় সড়কের দুই ধারে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। গাড়ি থেকে প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। পরে সন্ধ্যায় বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেয়ার কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে, আজ সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে রংপুরে যান তিনি। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দু’টি পথসভায় অংশ নেন এবং রংপুরের রাধা-গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরে বিকেল ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়ে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রামের কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাসস