আব্দুল্লাহ আল জহির
আব্দুল্লাহ আল জহির। সংগৃহীত

পুলিশ সদরদফতরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেয়া বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদরদফতরে ‘হেডকোয়ার্টার্স’ শাখায় সংযুক্ত করা হয়েছে। 

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদরদফতরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

তবে কী কারণে তাকে সংযুক্ত করা হয়েছে, সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।

এর আগে, সোমবার (১৯ অক্টোবর) রাতে মাদক সেবনসহ মাদকের কারবার পরিচালিত হয়—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার ওই বাড়িতে (পুলিশ হাউজিং-১) অভিযান চালায় গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৫ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো: শফিকুল ইসলাম।

তিনি বলেন, ২৬ জন নারীসহ ৮৫ জনকে সেখান থেকে আটক করা হয়েছে। মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

মো: শফিকুল ইসলাম বলেন, ওই বাসাটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। তিনি বাসাটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল।