বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির
বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির। সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির বলেছেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সুসমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন।

তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কেউ অপপ্রচার চালানোর অপচেষ্টা করছে। পুলিশ তাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছে। অপপ্রচারকারীদের সকল অপচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

পুলিশ প্রধান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। 

জনগণের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, আপনারা চাঁদাবাজ, সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মেনে চলতে হবে।

পরে আইজিপি আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন এবং দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো: রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে-সহ পূজা উদযাপন পরিষদের অন্য নেতারা উপস্থিত ছিলেন। বাসস