ইসলামিক ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশন। সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত সচিব মো: সাইফুল ইসলাম আজ দায়িত্বগ্রহণ করেছেন। 

Advertisement

এ উপলক্ষে বিদায়ী সচিব শেখ মুর্শিদুল ইসলামের সম্মানে আয়োজিত বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠানে ফাউন্ডেশনের কার্যক্রম আরো গতিশীল, জনমুখী ও কার্যকর করতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নাদভী।

অনুষ্ঠানে নবনিযুক্ত সচিব মো: সাইফুল ইসলামকে স্বাগত জানানো হয়। একইসাথে বদলিজনিত কারণে বিদায় নেয়া সচিব শেখ মুর্শিদুল ইসলামের কর্মকালীন অবদান ও দাফতরিক দায়িত্ব পালনের বিভিন্ন দিক স্মরণ করা হয়।

বক্তারা ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল ও জনকল্যাণমুখী করতে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিদায়ী সচিব শেখ মুর্শিদুল ইসলামের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের পরিচালক, উপপরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাসস