রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র । সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো: আনোয়ার হোসেন। 

Advertisement

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং তরুণ বিজ্ঞানী ও প্রকৌশলীদের আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) আয়োজিত বেসিক প্রফেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ক্রিটিক্যালিটি গত ১১ অক্টোবর সফলভাবে অর্জিত হয়েছে। শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এর নিরাপদ পরিচালনা, নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রাতিষ্ঠানিক ও পরিচালনাগত উভয় পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে হবে। শুধু উন্নত প্রযুক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; এর সাথে সংশ্লিষ্ট জনবলকে যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা ও সচেতনতার মাধ্যমে প্রস্তুত করতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সচিব বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতে হবে। এ প্রশিক্ষণ দেশের পারমাণবিক খাতের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিজ্ঞানীদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, আইএইএসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ন্যায্য অবস্থান ও অংশীদারিত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, প্রশিক্ষণার্থীরা এ কর্মসূচি থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে নিরাপদ, সুরক্ষিত ও টেকসই পারমাণবিক শক্তি কর্মসূচি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।

সভাপতির বক্তব্যে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান আইএইএর প্রতিনিধিদের স্বাগত জানান এবং দেশের পারমাণবিক খাতের মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থাটিকে ধন্যবাদ জানান।

আইএইএ, বায়েরা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বায়েক) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতায় আন্তর্জাতিক মান বজায় রেখে চার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে আইএইএর চার কর্মকর্তা ও বিশেষজ্ঞ রাহিলা হাম্মাদ, বেনোইট গ্যাব্রিয়েল, মেহমেত তোম্বাকোগল ও বারিস গুরনারসহ দেশীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন।

এতে বায়েরা, বায়েক এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) নবীন বিজ্ঞানী ও প্রকৌশলীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এ ছাড়া সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজ শুরু হওয়া এ বেসিক প্রফেশনাল ট্রেনিং কোর্সটি আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে। সূত্র : বাসস