
ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, ‘দেশে সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সচিবদের ভূমিকা অপরিসীম।’
বুধবার (১৪ অক্টোবর) ঢাকা অফিসার্স ক্লাবে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত সচিবগণের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহত্তর রাজশাহী সমিতি ঢাকার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলেছে। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসনের সব স্তরে সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তাদের উপস্থিতি এ উন্নয়ন যাত্রাকে আরো বেগবান করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
ভূমি মন্ত্রী বলেন, ‘রাজশাহী বিভাগের কৃতী কর্মকর্তাদের এ পদোন্নতি কেবল তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বৃহত্তর রাজশাহীবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
মন্ত্রী সংবর্ধিত সচিবদের দেশের কল্যাণে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বৃহত্তর রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে অবদান রাখার পরামর্শ দেন।
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘বৃহত্তর রাজশাহী অঞ্চল সবসময়ই মেধা ও মননের এক উর্বর ভূমি। শিক্ষা, সংস্কৃতি কিংবা প্রশাসন সব ক্ষেত্রেই রাজশাহী দেশের অগ্রগতিতে অসামান্য অবদান রেখে আসছে। আশাকরি, সংবর্ধিত সচিবগণ স্ব-স্ব পদে থেকে দেশের সার্বিক স্বার্থ রক্ষার পাশাপাশি রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন।’
তিনি বলেন, ‘রাজশাহী শহরের সৌন্দর্য বর্ধন, সবুজায়ন নগরী অব্যাহত রাখতে বিভিন্ন মেয়াদে মাস্টার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, ফোর লেইন রাস্তা, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত সচিবগণকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সচিব মো: সাইদুর রহমান খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সমিতির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মো: আবদুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদের পরিচালনায় এ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সমিতির সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








