
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে শুরু হয়েছে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’। গত ১৩ অক্টোবর শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বেবিচক সূত্রে জানা গেছে, বিমানবন্দরগুলোর নিরাপত্তার মানোন্নয়ন, যাত্রী ও সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) আসন্ন নিরাপত্তা নিরীক্ষা কর্মসূচি ‘ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম—কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ’ (ইউএসএপি-সিএমএ) মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এবারের কর্মসূচির প্রতিপাদ্য—‘নিরাপত্তা সবার দায়িত্ব: সন্দেহজনক কিছু দেখলে জানান’। এর মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীদের পাশাপাশি যাত্রী, কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট সংস্থা ও অন্যান্য অংশীজনের সম্মিলিত দায়িত্বের বিষয়টি তুলে ধরা হয়েছে। কোনো সন্দেহজনক বস্তু, কার্যকলাপ বা সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি চোখে পড়লে তা যথাযথ কর্তৃপক্ষকে জানানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মসূচির আওতায় বিমানবন্দরের নিরাপত্তাবিধি ও নির্ধারিত কার্যপদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধ, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাই এবং নিরাপত্তাকর্মীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন অনুশীলন, মহড়া, ব্রিফিং ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল বলেন, এভিয়েশন নিরাপত্তা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্য হলো বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও অংশীজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত দায়িত্ববোধ জোরদার করা। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করবেন এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকবেন—এটাই প্রত্যাশা।
তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরো কার্যকর ও সুদৃঢ় হবে। একই সঙ্গে যাত্রীদের উন্নত সেবা দেওয়ার পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
বেবিচক আশা করছে, এ কর্মসূচি বিমানবন্দরগুলোর দৈনন্দিন নিরাপত্তা কার্যক্রম উন্নত করার পাশাপাশি আইকাওর আসন্ন নিরাপত্তা নিরীক্ষার প্রস্তুতি জোরদার করবে। এর মাধ্যমে দেশের এভিয়েশন নিরাপত্তাব্যবস্থার ধারাবাহিক উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে। বিজ্ঞপ্তি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








