গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সংগৃহীত

পরিবেশদূষণ রোধে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশব্যাপী সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।

বর্জ্য সঙ্কট নিরসনে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে সাভারের আমিনবাজারে ইতোমধ্যে প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। রাজধানী থেকে শুরু হওয়া এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যায়ক্রমে পুরো দেশে সম্প্রসারণ করা হবে।

সাফারি পার্কের প্রশাসনিক ও অবকাঠামোগত নানা জটিলতা নিরসনের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, সরেজমিনে সার্বিক পরিস্থিতি দেখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনাও হয়েছে। চিহ্নিত অব্যবস্থাপনা ও সমস্যাগুলো শিগগিরই দূর করা হবে।

তিনি বলেন, রাস্তার সীমাবদ্ধতার কারণে বনে নিজেদের জমিতে যেতে অনেক মালিক ভোগান্তিতে পড়ছেন। এই সঙ্কট মেটাতে চলতি মাসেই অংশীজনদের নিয়ে বৈঠক করে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও রিসোর্টের দখলে থাকা বনের জমি ফেরত পেতে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া বা মামলা পরিচালনা করা হচ্ছে।

এর আগে, মন্ত্রী পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন।

এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন এবং সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাসস