ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোড মোড় এলাকায় রাস্তায় পা পিছলে পড়ে আইল্যান্ডে মাথায় আঘাত লেগে মিজানা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি মোহাম্মদ মানিক মিয়া জানান, মিজানা বেগম গ্রামে বাড়ি থেকে ডাক্তার দেখানোর জন্য আজ আমাদের বাসায় আসেন। ডাক্তার দেখাতে যাওয়ার পথে কুড়িল বিশ্বরোড মোড়ে বাসের জন্য অপেক্ষা করার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল আসতে দেখে তিনি একটু পিছিয়ে দাঁড়ান। সাথে সাথে পা পিছলে আইল্যান্ডের সাথে মাথায় বাড়ি খেয়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহত মিজানা বেগম শারীরিক দুর্বলতার কারণে তার মেয়ে রিয়াকে নিয়ে আমার বাসায় আসেন। আজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোড মোড়ে অপেক্ষা করার সময় এই দুর্ঘটনার শিকার হন। 

মিজানা বেগম কিশোরগঞ্জ সদর জেলার সুলতানপুর গ্রামের মোরশেদ আলীর মেয়ে ও মোহাম্মদ আলীর স্ত্রী। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্বামী গ্রামের বাড়িতে কৃষকের কাজ করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।