সৌদি আরব, দুর্ঘটনা, নিহত, লাশ, প্রবাসী
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুই প্রবাসীর লাশ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইন্টারনেট

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে।

Advertisement

নিহত দুই প্রবাসী হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ।

আজ বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-২০৬) তাদের লাশ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত প্রবাসীকল্যাণ ডেস্ক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ লাশ গ্রহণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত দু’জনের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পরে তাদের প্রত্যেকের পরিবারকে আরো তিন লাখ টাকা করে অনুদান দেয়া হবে।

বাদ আছর গ্রামের একটি মসজিদে নিহত দুই প্রবাসীর জানাজা শেষে তাদের নিজ-নিজ পারিবারিক করবস্থানে দাফন করা হবে বলে জানান পরিবারের সদস্যরা।

গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা মহাসড়কে দুর্ঘটনায় আব্দুল করিম ও খালিদসহ চারজন বাংলাদেশী নিহত হন।

দুর্ঘটনার পরপরই নিহতদের লাশ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় এক মাস পর আজ সিলেটের দুই প্রবাসীর লাশ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সূত্র : বাসস