
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) একটি প্রতিনিধিদল। এ সময় রাষ্ট্রপতি ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো বাড়ানোর আহবান জানান ।
বুধবার বঙ্গভবনে ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহবান জানান। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তিনি নিজেও অনেক দরিদ্র রোগীকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং প্রতিষ্ঠানটি তাদের চিকিৎসাসেবায় সহযোগিতা করেছে।
প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবার বিষয়ে সহযোগিতা কামনা করা হলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় প্রতিনিধিদল আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য ‘Disaster Preparedness and Resilient Bangladesh: Leading the Future’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিতির আমন্ত্রণপত্র তার হাতে তুলে দেন। রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশগ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেন।
প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো: গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান ও জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








