সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, আন্তর্জাতিক প্রবীণ দিবস, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর, প্রবীণদের সামাজিক সম্পদ, ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস
বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন। সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

Advertisement

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতর মিলনায়তনে ‘৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। সমাজসেবা অধিদফতর এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের অস্বচ্ছল জনগোষ্ঠীর জন্য বর্তমানে যে ভাতা প্রচলিত আছে, তা যথেষ্ট নয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সব বয়স্ক মানুষকে সহায়তার আওতায় আনতে এ ভাতার পরিমাণ আরো বাড়াতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নবজাতক থেকে শুরু করে প্রবীণ-সবার জন্য জীবনচক্রভিত্তিক মানবিক ও সমষ্টিকেন্দ্রিক সমাজ গঠনে কর্মপরিকল্পনা ও বাজেট বাস্তবায়ন করছে।

তিনি আরো জানান, দেশের মোট জনসংখ্যার এক দশমাংশ বা এক কোটি ৬০ লাখ মানুষ ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিক। এ সংখ্যা ২০৫০ সাল নাগাদ বেড়ে পাঁচ কোটিতে দাঁড়াবে, যা ২০ শতাংশেরও বেশি। সেইসাথে সারাবিশ্বের মধ্যে বাংলাদেশে গত ২৫ বছরে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি বৃদ্ধির ফলে এখনকার ৭৪ দশমিক ৯ বছর থেকে তা তখন ৮০ বছর বা এর কাছাকাছি পৌঁছাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

সরকারের একার পক্ষে সকল লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী। সরকারের পাশাপাশি প্রবীণদের সহযোগিতায় সামাজিক উদ্যোগ নিয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

মন্ত্রী জানান, প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। অক্টোবর ১ তারিখে ফেনীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান থাকায় এ বছর ৭ অক্টোবর ঢাকায় প্রবীণদের মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।

এর আগে সকালে মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর আয়োজিত আগারগাঁও প্রবীণ হিতৈষী সংঘের সামনে থেকে নবীন-প্রবীণের মিলন মেলা র‌্যালিতে অংশ নেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম।

এছাড়াও প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: সামছুল ইসলাম, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো: ইনতেজার রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থী, তরুণ-তরুণী ও প্রবীণ নাগরিকেরা এই সভায় প্রবীণ জনগোষ্ঠীর স্বাধীন-স্বনির্ভর, সুস্থ ও মর্যাদাপূর্ণ দীর্ঘ জীবন লাভে নির্যাতন প্রতিরোধ, অধিকার বাস্তবায়ন এবং সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় নানা সুপারিশ আলোচনা অনুষ্ঠানে তুলে ধরেন।

জেলা ও উপজেলায় নারীসহ সব প্রবীণের জন্য নতুন শিখন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, আবাসন ও খাদ্য ব্যবস্থার বরাদ্দ বাড়ানোরও দাবি জানান তারা। সূত্র : বাসস