এয়ারবাস
এয়ারবাস। সংগৃহীত

বহর সম্প্রসারণের অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর সাথে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণের অংশ হিসেবে এ চুক্তি করা হচ্ছে।

Advertisement

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির আওতায় বিমান বহরে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে।

কর্মকর্তারা জানান, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ‘উৎসব হল’-এ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

আগামী এক দশকে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে এই এয়ারবাসগুলো যুক্ত হলে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উড়োজাহাজ বহর আরো সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হবে।

এর আগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অক্টোবরের মধ্যেই ১০টি এয়ারবাস কেনার চুক্তি সম্পাদন হবে বলে নিশ্চিত করেছিলেন। 

সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, আমরা ১০টি এয়ারবাস কিনছি। ইনশাআল্লাহ, অক্টোবরেই চুক্তি সই হবে।’

মন্ত্রী জানিয়েছিলেন, ২০৩৩ সাল থেকে উড়োজাহাজগুলোর সরবরাহ শুরু হয়ে তা ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে।

আশা করা হচ্ছে, চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ বিমানের ভবিষ্যৎ দূরপাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে। অন্যদিকে, ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ ব্যবহৃত হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে।

এই ক্রয়ের মাধ্যমে বোয়িং ও এয়ারবাস— দুই ধরনের উড়োজাহাজের সংমিশ্রণে তৈরি হবে বিমানের একটি বহুমুখী বহর।

বিমান এর আগে ১৪টি বোয়িং কেনার সিদ্ধান্ত নেয়, যার মধ্যে রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দু’টি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ। পরবর্তী সময়ে এই তালিকায় আরো ১১টি বোয়িং যুক্ত করা হয়, যার মধ্যে রয়েছে পাঁচটি ৭৮৭-১০ এবং ৬টি ৭৩৭-৮। এতে মোট বোয়িং ক্রয়ের সংখ্যা দাঁড়ায় ২৫টিতে।

প্রস্তাবিত ১০টি এয়ারবাস কেনা সম্পন্ন হলে বিমানের দীর্ঘমেয়াদি বহরে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হবে; যার মধ্যে ১৯টি ওয়াইড-বডি এবং ১৬টি ন্যারো-বডি উড়োজাহাজ।

নতুন উড়োজাহাজগুলোর সরবরাহ শুরুর আগের মধ্যবর্তী সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সক্ষমতা ধরে রাখতে উড়োজাহাজ লিজ নওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাসস