
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেছেন মো: এমদাদুল হক চৌধুরী। এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের এ জ্যেষ্ঠ কর্মকর্তা এর আগে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সদ্যবিদায়ী সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় মো: এমদাদুল হক চৌধুরী তার স্থলাভিষিক্ত হলেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন ভারপ্রাপ্ত সচিব মঙ্গলবার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ভারপ্রাপ্ত সচিব ভূমি সেবাকে সরাসরি জনগণের পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরী জানান, মাঠপর্যায়ে ভূমি সংক্রান্ত সেবাসমূহ দ্রুতগতিতে সম্পন্ন ও কার্যকরভাবে প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় আগামী তিন মাস বা ছয় মাসের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালুর পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। সেবার মান উন্নত করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা হবে।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরী বলেন, জনস্বার্থ ও নাগরিক সুবিধা বিবেচনায় রেখে সবাইকে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে।
এ সময় তিনি মাঠ প্রশাসনের প্রতিটি জনসেবামূলক কাজ দ্রুততম সময়ে নিষ্পত্তির তাগিদ দেন এবং সময় বান্ধব হয়ে মানসম্পন্ন সেবা প্রদান নিশ্চিত করতে সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এমদাদুল হক চৌধুরী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি বিষয়ে ১৯৯১ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৯২ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণি লাভ করেন। পরে ২০০৭ সালে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন ও উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে এমদাদুল হক চৌধুরী মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মেহেরপুরে সহকারী কমিশনার, শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী কমিশনার (ভূমি), নরসিংদীতে সিনিয়র সহকারী কমিশনার, কুমিল্লার নাঙ্গলকোট ও চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার) এবং পরে নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
মো: এমদাদুল হক চৌধুরী ২০২০ সালের ৫ জুন তারিখে যুগ্মসচিব এবং ২০২৪ সালের ২২ এপ্রিল অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। পরে ৫ মে ২০২৪ থেকে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








