জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। সংগৃহীত

জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে দেশের মসজিদগুলোতে রুফটপে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে।

Advertisement

এছাড়া কমিটি দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা, সরকারি খরচে যে সকল ব্যক্তি হজে যান সে বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একই হাসপাতাল ও মিশনে বহুদিন যাবৎ কর্মরত ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদেরকে মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে শিগগিরই বদলি করার জন্য সুপারিশ করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং কমিটির সদস্যদের সাথে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ও সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিত অনুষ্ঠিত হয়।

বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১৮০ দিনের কর্মপরিকল্পনা : বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দফতর সংস্থাগুলোর ভিশন, মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে অবহিত করা হয়।

বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মো: জাহিদুর রহমান, নুরুল আমিন, সূবর্না সিকদার, মো: নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশগ্রহণ করেন।

বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দফতর, অধিদফতর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস