ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, অজ্ঞাত নারী-পুরুষের লাশ, ঢামেক জরুরি বিভাগ, লাশ উদ্ধার, মর্গ, সিআইডি ফরেনসিক টিম
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল। সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের পাশ থেকে পৃথক সময়ে অজ্ঞাতপরিচয় এক নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

Advertisement

মঙ্গলবার সকালে ও দুপুরে লাশ দুইটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পুরুষের বয়স আনুমানিক ৬০ বছর এবং নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে জরুরি বিভাগের ওয়েটিং রুমের পাশ থেকে প্রথমে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে একই স্থানের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ওই নারীর (৫৫) লাশ উদ্ধার করা হয়। বিষয়টি ইতোমধ্যে শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা দুইজনেই ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।