সংবাদ সম্মেলনে শ্রম মন্ত্রী, বেকারদের কর্মসংস্থানে এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করা হচ্ছে
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদী আমিন। নয়া দিগন্ত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘দেশের বিপুল পরিমাণ বেকার জনশক্তির কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করতে যাচ্ছে। এ সেন্টারের মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে।’

Advertisement

রোববার (৪ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান ।

শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ‘দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে আগ্রহী চাকরিপ্রার্থীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হবে। পাশাপাশি বিভিন্ন শিল্পকারখানা ও ইন্ডাস্ট্রি থেকে শ্রমিক ও কর্মীর চাহিদা সংগ্রহ করে একটি অনলাইন ও অফলাইন ডাটাবেজ প্রস্তুত করা হবে।’

প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, ‘চলতি বছরের ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে ঢাকায় এ সেন্টারের কাজ চালু করা হবে। পরে, পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে এবং দেশের ৬৪টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু এবং দেশব্যাপী ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা হবে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশের শিক্ষিত জনগণ এবং মূলধারার শিক্ষার বাইরে থাকা জনগোষ্ঠীর মধ্যে যারা জব মার্কেটে প্রবেশ করতে চান, তাদের সুযোগ করে দিতেই আমাদের এ উদ্যোগ।’

মাহদী আমিন বলেন, ‘আমাদের দেশের মূল শক্তি আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং আমরা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাই। আধুনিক যুগের চাহিদানুযায়ী কোন সেক্টরে কী ধরনের দক্ষতা প্রয়োজন, তা চিহ্নিত করা হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়নকারী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তরুণদের দক্ষ করে তোলার পদ্ধতিও এ সেন্টারে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০২৬, শিশু শ্রম নিরসন, নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশ শ্রম বিধিমালা সংক্রান্ত মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিভিন্ন কাজের অগ্রগতি তুলে ধরেন।

অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো: ফরহাদ সিদ্দিক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবদুর রহিম খান, শ্রম অধিদফতরের মহাপরিচালক মো: আবদুছ সামাদ আল আজাদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।