
ভূমি মন্ত্রণালয়ের জনবল নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রার্থী শনাক্ত করে পুলিশে দিয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃপক্ষ।
রোববার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভুয়া প্রার্থীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের ১১ থেকে ২০তম গ্রেডের ৭টি ক্যাটাগরিতে ৩৭টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ পরীক্ষার সকল ধাপ শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণদের নিয়োগপত্র গত ১৩ আগস্ট ইস্যু করা হয়। নিয়োগপত্রের নির্দেশাবলি ও শর্তানুযায়ী গত ১ অক্টোবর মোট ৩৪ জন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করেন।
প্রারম্ভিক সত্যতা যাচাই শেষে আজ যোগদানকারী কর্মচারীদের ছবি, পরিচয় ও অন্যান্য নথিপত্র পুনরায় নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। এ সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মো: আব্দুল হাই ও মোসলেহা বেগমের ছেলে মো: মাইদুল ইসলাম (রোল নম্বর: ১৭০০২৭০৭)-এর উপস্থিতির ক্ষেত্রে গুরুতর অসঙ্গতি ফুটে ওঠে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূক্ষ্ম যাচাই-বাছাইয়ে দেখা যায়, মৌখিক পরীক্ষার সময় সংরক্ষিত ছবি ও শারীরবৃত্তীয় তথ্যের সাথে উপস্থিত ব্যক্তির চেহারার স্পষ্ট অমিল রয়েছে। এ ছাড়া মৌখিক পরীক্ষায় সংগৃহীত হাতের লেখার নমুনার সাথে উপস্থিত ব্যক্তির হাতের লেখা মেলাতে গিয়েও বড় ধরনের গরমিল ধরা পড়ে।
পরবর্তীতে যোগদানকারী অন্য কর্মচারীদের মুখোমুখি করা হলে, তারা উপস্থিত ব্যক্তিকে ‘মো: মাইদুল ইসলাম’ হিসেবে শনাক্ত করতে ব্যর্থ হন এবং ওই ব্যক্তি নিজেও তার সাথে যোগদানকারী কাউকেও চিনতে পারেননি। পরে ওই ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








