বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান
বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সংগৃহীত

বিশ্বে যুদ্ধ, সঙ্ঘাত ও অশান্তি বন্ধে শান্তির চর্চা বাড়ানোর আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র পারমাণবিক বোমা নয়, শান্তি।

Advertisement

তিনি বলেন, ‘আমি নিউক্লিয়ার ফিজিক্সের ছাত্র। আনবিক বোমা কীভাবে তৈরি হয়, সে বিষয়ে আমি পড়াশোনা করেছি। পৃথিবীর ইতিহাসে আনবিক বোমা সবচেয়ে শক্তিশালী একটি অস্ত্র। কিন্তু আমি সেই বিষয়ের ছাত্র হওয়া সত্ত্বেও বিশ্বাস করি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে শান্তি।’

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমীতে জাতীয় নাট্যশালায় বিশ্ব শান্তি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লাল সবুজ সাংস্কৃতিক একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে।

মঈন খান বলেন, ‘আজকের পৃথিবীতে যে উত্তেজনা, অশান্তি, যুদ্ধ ও মারণাস্ত্র- এসব থেকে আমাদের উত্তরণ পেতে হবে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারি, ইসরাইলের সাথে যে যুদ্ধ, ইরানের সাথে যে যুদ্ধ- এসব বন্ধ করতে পারি, যদি শান্তিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই।’

শান্তির সাথে সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিল্পকলা ও সংস্কৃতি কোনো ভৌগোলিক সীমারেখা মানে না। ভাষা না বুঝলেও সঙ্গীত, চিত্রকলা ও নৃত্যের মাধ্যমে মানুষের সাথে মানুষের যোগাযোগ তৈরি করা সম্ভব।

তিনি বলেন, ‘আমি অন্তর থেকে বিশ্বাস করি, সংস্কৃতি, শিল্প ও সঙ্গীত মানবসভ্যতার শান্তির অন্যতম প্রধান উপাদান। শিল্পকলা পৃথিবীর কোনো ভৌগোলিক সীমারেখা স্বীকার করে না। আমি বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে যদি একটি সাংস্কৃতিক পরিবেশনা করি, সেটি বুঝতে কারো বাংলা ভাষা শেখার প্রয়োজন হয় না।’

বিশ্ব শান্তি দিবসের এবারের প্রতিপাদ্য ‘ইনভেস্ট ইন পিস’ বা শান্তিতে বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরে মঈন খান বলেন, শান্তিতে বিনিয়োগ শুধু একটি দিনের কর্মসূচি হওয়া উচিত নয়। বছরের প্রতিটি দিন শান্তির জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, ‘আপনি শিল্প-কারখানায় বিনিয়োগ করবেন, উন্নয়নে বিনিয়োগ করবেন- সেটা করবেন। কিন্তু আজকের দিনের যে বাণী, সেটি হচ্ছে শান্তিতে বিনিয়োগ করুন। শান্তিতে বিনিয়োগের মাধ্যমে বিশ্বের উন্নতি ও অগ্রগতি নিশ্চিত করতে হবে। এটি শুধু শান্তি দিবসে নয়, বছরের প্রতিটি দিন হওয়া উচিত।’ বাসস