
লাগেজ ও ট্রলি সঙ্কটকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের সাথে কথা-কাটাকাটির জেরে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব। দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করা হয়েছে। মামলার এজহারে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে আরো বলা হয়, গত ১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (BG-338) যাত্রীদের চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সঙ্কট দেখা দেয়। এতে লাগেজ পেতে বিলম্ব হওয়ায় সেখানে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান তার সাথে আক্রমণাত্মক আচরণ করেন এবং গালিগালাজ ও হুমকি দেন।
মামলার অভিযোগে আরো উল্লেখ করা হয়, মেজর (অব.) আখতারুজ্জামানের সাথে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (KPI) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণে নিষেধ করলে তাকে গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন,মামলার অভিযোগের বিষয়ে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে।
এদিকে বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় প্রতিকারের পরিবর্তে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তরা জসিমউদ্দিন মোড়ে আজ বিকেলে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








