প্রধানমন্ত্রী, তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার দিনব্যাপী ফেনী সফর শেষে রাতে ঢাকায় ফিরেছেন। সফরকালে তিনি ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Advertisement

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বাসসকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী ফেনী সফর শেষে রাত ১১টা ১৫ মিনিটে গুলশানে তার বাসভবনে পৌঁছেছেন।

সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়) উদ্বোধন করেন এবং খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন।

পরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের সম্মানী প্রদান করেন। এরপর তিনি সেখানে এক জনসভায় ভাষণ দেন।

প্রধানমন্ত্রী দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ফেনীতে পৌঁছান এবং সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।

সূত্র : বাসস