
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ‘কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড কর্মসূচি সরকারের কৃষকবান্ধব ও দূরদর্শী মনোভাবের পরিচয়। আমি হাটহাজারীর আপামর জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।’
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসন কর্তৃক মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলার এক হাজার ২০০ কৃষক মাঝে কৃষক কার্ড বিতরণ করেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তা বাস্তবে রূপ দিয়ে দেখান। এটাই তারেক রহমান সরকারের প্রকৃত পরিচয় ও মূল শক্তি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাত্র সাত মাসে যে অভূতপূর্ব উন্নয়ন সূচিত হয়েছে, তা গত ১৭ বছরেও সম্ভব হয়নি।’
প্রতিমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, হাটহাজারী ও বায়েজিদসহ চট্টগ্রাম-৫ আসন তথা সমগ্র চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
দেশব্যাপী একযোগে আয়োজিত এ কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। কনফারেন্সে প্রধানমন্ত্রী চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের কাছে হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণের সার্বিক পরিস্থিতি জানতে চান।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক প্রীতি মনোভাব ও প্রান্তিক কৃষকদের কল্যাণে গৃহীত উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রেরিত বিশেষ সহায়তার অংশ হিসেবে প্রায় এক হাজার ২০০ জন ‘কৃষক কার্ড’ গ্রহণ করেছেন। আপনার এ যুগান্তকারী উপহারে চট্টগ্রামের কৃষকরা আজ অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। হাটহাজারীর সর্বস্তরের জনগণ অতীতে যেমন আপনার পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আপনার পাশে থাকবে।’
সরকারের দেশপ্রেম ও কৃষিবান্ধব নীতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশকে একটি শক্তিশালী, সার্বভৌম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, রাজনৈতিক নেতাকর্মী এবং প্রশাসনের সর্বস্তরের কর্মচারীদের তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে তিনি দেশ ও রাষ্ট্রবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মো: আল ফোরকান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের চট্টগ্রাম জেলা উপপরিচালক আপ্রু মারমা ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








