এনবিআর ভবন
এনবিআর ভবন। সংগৃহীত

২০২৬ সালের জুলাই ও আগস্ট কর মেয়াদের মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমে এসব কর মেয়াদের রিটার্ন জমা দেয়া যাবে। বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো বিলম্ব জরিমানা দিতে হবে না।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের মূসক (মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন দাখিলের বিষয়ে সংশোধিত বিধান করা হয়েছে। এর ফলে প্রতি তিন কর মেয়াদ শেষে রিটার্ন দাখিলের সুযোগ তৈরি হয়েছে। নতুন বিধানের কারণে অনেক করদাতা প্রতিষ্ঠান ২০২৬ সালের জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ে ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে পারেনি।

এ অবস্থায় এসব প্রতিষ্ঠানের সুবিধার্থে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট করদাতাদের কোনো বিলম্ব জরিমানা দিতে হবে না।

তবে যেসব প্রতিষ্ঠানের জন্য সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্ন দাখিল প্রযোজ্য, তাদের জুলাই ও আগস্টের রিটার্নের পাশাপাশি সেপ্টেম্বর কর মেয়াদের রিটার্নও আগামী ১৫ অক্টোবরের মধ্যে ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে।