
বাংলাদেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগ কার্যক্রম আরো সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানো এবং সরকারি সেবাগুলোকে আরো সুশৃঙ্খল করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণবিষয়ক এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর (আরজেএসসি) এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (আইবিএ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্য সচিব মো: আতাউর রহমান খানও বৈঠকে অংশ নেন।
বৈঠকে ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ ও সংশ্লিষ্ট সরকারি সেবা পাওয়ার বিদ্যমান প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা হয়।
আলোচনায় অপ্রয়োজনীয় ধাপ বাদ দেয়া, প্রক্রিয়া সম্পন্নের সময় কমানো এবং উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য আরো সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রশাসনিক প্রতিবন্ধকতা ও দীর্ঘসূত্রতা কমানো গেলে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণ উৎসাহিত হবে।
তিনি সংশ্লিষ্ট সরকারি দফতর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি সেবা প্রদান ব্যবস্থাকে আরো সহজ ও ব্যবহারবান্ধব করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসা ও বিনিয়োগ-সংক্রান্ত সেবাগুলো ধীরে ধীরে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার ওপরও গুরুত্ব দেন, যাতে আরো বেশি স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
বৈঠকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর চলমান উদ্যোগ, ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সেবা প্রদান ব্যবস্থা উন্নত করার সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়, বিজনেস বাংলাদেশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








