
দিনব্যাপী সরকারি সফরে ফেনীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে তার গাড়িবহর যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ফেনীতে এটিই তারেক রহমানের প্রথম সফর। সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেয়ার অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








