টুকু
অনলাইন বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ কৃত্রিমভাবে এলপিজি সঙ্কট তৈরি করা হলে কিংবা বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন।

Advertisement

সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের আরো সতর্ক থাকারও নির্দেশ দেন মন্ত্রী।

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সাথে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

দেশের কোথাও এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) কৃত্রিম সঙ্কট তৈরি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের বেশি দাম নেয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, দেশে এলপি গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি নেই। সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কেন এলপিজির ঘাটতির কথা শোনা যাচ্ছে এবং কেন বেশি দাম নেয়া হচ্ছে, সে বিষয়ে তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।

জ্বালানি মন্ত্রী জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমদানিকারক ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কোন এলাকায় সরবরাহ কম পাওয়া গেলে সেখানে সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেয়া হবে। সূত্র : বাসস