
জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।
দুদকের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালানে জড়িত থাকা এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থের মাধ্যমে দেশে ও বিদেশে আবাসিক সম্পদ গড়ে তোলার অভিযোগ অনুসন্ধান করা হয়।
অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করা হয়। পরে কমিশন এতে অনুমোদন দেয়।
প্রতিবেদনে আরো বলা হয়, প্রলয় কুমারের স্ত্রী প্রয়াত বিপ্লবী রানীর ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে তিনি ২০২৩ সালের ৬ নভেম্বর মারা যাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগের যাবতীয় ফৌজদারি দায় থেকে অবসান/অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং-২) মো: এমরান হোসেন অনুসন্ধানটি পরিচালনা করেন। বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








