ফুটপাত দখলমুক্ত, উচ্ছেদ অভিযান, শফিকুল ইসলাম খান মিল্টন, ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সংগৃহীত

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে। পরে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের কর্মসূচি চলমান থাকবে। উচ্ছেদ অভিযানে বাধা, হামলা ও অরাজকতার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে বাধা ও হামলার ঘটনায় ডিএনসিসি ও পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে জানিয়ে তিনি বলেন, তদন্ত করে জড়িতদের গ্রেফতার করা হবে।

তিনি বলেন, অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেয়া হবে না। মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায় বলেও উল্লেখ করেন তিনি।

ডিএনসিসি প্রশাসক জানান, কারো ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মিরপুরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, গত কয়েকদিন ধরে উচ্ছেদ অভিযান চলছে। জনগণের চাহিদা অনুযায়ী সিটি করপোরেশন এসব কার্যক্রম পরিচালনা করছে। এটি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব এবং দায়িত্ববোধ থেকেই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মিরপুর-১০ গোলচত্বর ও ফুটওভারব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান শেষে সেখানে গাছ লাগানো হয়েছে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন। একইভাবে আজ উচ্ছেদ করা জায়গাতেও পরিকল্পনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় স্থানীয় সাধারণ মানুষকে ধন্যবাদ জানান ডিএনসিসি প্রশাসক। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অভিযানের জন্য পুলিশ আসার কথা থাকলেও সেখানে কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। এরপরও নিয়ম অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। হামলাকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।